মাধবপুরে পূজামণ্ডপে চালের বরাদ্দ বৃদ্ধি, দেড়শ নারীকে উপহার দিলেন এমপি ফয়সল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি মণ্ডপে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক সভায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল এ তথ্য জানান।
এদিন উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চালের বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জন দুস্থ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ শাড়ি তুলে দেন সংসদ সদস্য এস এম ফয়সল।
সভায় সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই চালের বরাদ্দ বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা আমাদের জাতীয় ঐতিহ্য। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, মাধবপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, সদস্য সচিব সুমিত পাল, পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব রিংকু দেবনাথ, অঞ্জন বণিক, স্বপন রায়সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
