মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা অপরিহার্য। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির।
বক্তারা কন্যাশিশুদের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এবং বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
