মাধবপুরে ১১৬ মণ্ডপে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং, মাদক ও মদ্যপান নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এবার মাধবপুর উপজেলায় মোট ১১৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশেষ করে সীমান্তবর্তী চা-বাগান এলাকায় পূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার বাড়তে পারে। পূজা উদযাপন কমিটির নেতা স্বরজিত পাশীসহ অন্যান্যরা চা-বাগানসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানান। এছাড়া পূজামণ্ডপে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘পূজার পবিত্রতা রক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা, ইভটিজিং কিংবা মাদক সেবন বরদাশত করা হবে না। মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে এবং অপরাধীদের দমনে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা পূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হিরেশ ভট্টাচার্য, ব্যবসায়ী মনোজ কান্তি পাল, আনসার-ভিডিপির কর্মকর্তা নাজিউর রহমান এবং মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমুখ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর নজরদারি ও স্থানীয়দের সচেতনতায় মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে উৎসবমুখর দুর্গাপূজা সম্পন্ন হবে।
