মাধবপুরে ডিজিটাল লেনদেন প্রসারে ‘বাংলা কিউআর’ বিষয়ক র্যালি
হবিগঞ্জের মাধবপুরে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ ও ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বাস্তবায়নে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ।
সভায় ‘বাংলা কিউআর’-এর ব্যবহারিক দিক ও এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং সহজতর সুবিধাগুলো নিয়ে বিশদ উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ। বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা খুব সহজেই ক্যাশবিহীন লেনদেন করতে পারবেন, যা ব্যবসাকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে। সাধারণ ক্রেতাদের মধ্যে এর ব্যবহার জনপ্রিয় করতে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় উপজেলার ১৫টি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চল প্রধান ও এসভিপি মো. হুমায়ুন কবীর।
ব্যাংকারদের পক্ষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তানিম সিদ্দিকী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক তনয় কান্তি রায় এবং স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে মো. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন আল রনি এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড প্রদান করা হয়। এতে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
