আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: এমপি ফয়সল
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
রোববার বিকেলে মাধবপুর উপজেলার মৌজপুর মাদরাসা মাঠে আয়োজিত বিএনপি'র জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেন, ‘দেশের বর্তমান সংকটগুলো একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমস্যাগুলো পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে। ফলে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে এসব সমস্যা নিরসনে সরকার কাজ করছে।’
সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগের কোনো সমাধান না করে তারা জনরোষের মুখে দেশ থেকে পালিয়েছে। বর্তমান সরকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের খেদমত করার সুযোগ পাওয়াটাই আমার জীবনের বড় প্রাপ্তি। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা পেলে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আল আমিন ও ছায়েদ মিয়া প্রমুখ।
