মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি শক্তিশালী ড্রেজার মেশিন ও একটি বেকো (এক্সকাভেটর) ধ্বংস করা হয়। এছাড়া নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে দীর্ঘ দিন ধরে একটি অসাধু চক্র কোনো সরকারি অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করে আসছিল। এই অবৈধ কর্মকাণ্ডের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছিল এবং তীব্র নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছিল। এছাড়া পরিবেশের ওপরও মারাত্মক বিরূপ প্রভাব পড়ছিল।
অভিযান চলাকালে স্থানীয়দের সতর্ক করা হয় এবং সরকারি বিধিবিধান অমান্য করে বালু উত্তোলন করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও নদীখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বালুমহাল ও নদী এলাকার ওপর প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
