বিয়ানীবাজারে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজারে ২০০ পিস ইয়াবাসহ জামাল মিয়া (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল মিয়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভূলারগুল গ্রামের মৃত তাহির আলীর ছেলে। বর্তমানে তিনি বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপারদের (ক্রাইম এ্যান্ড অপস ও জকিগঞ্জ সার্কেল) নির্দেশনায় এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই অনিক বড়ুয়া ও এএসআই কাজী মুমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাকরদিয়া এলাকায় আব্দুস সালামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ জামাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এই অভিযান বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
