মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মামুদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। দণ্ডপ্রাপ্ত সাজিদ মিয়া উপজেলার বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মামুদপুর এলাকায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সাজিদ মিয়াকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে দণ্ডিত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
