মাধবপুরে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মেধা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আব্দুল আজিজ, গোলাপ খান, ফরিদুর রহমান, জনি পাঠান, আলমগীর কবির, রিফাত হোসেন, ইমন খান, মুশিউর রহমান মোর্শেদ ও জসিম সিকদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এই অপশক্তিকে রুখে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা ঐক্যবদ্ধ।’ তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
