মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসে দিনব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর বাজার এলাকায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, মাধবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, বিভিন্ন সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউটস ও প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবী।
অভিযানকালে মাধবপুর মধ্যবাজার পুকুর (পার্ক) ও এর আশপাশের ওয়াকওয়ের চারপাশ পরিষ্কার করা হয়। একই সাথে পুকুরসংলগ্ন ড্রেন, নালা এবং রাস্তার পাশে গর্তে জমে থাকা পানি অপসারণ করা হয়। এলাকাটিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হটস্পট হিসেবে চিহ্নিত করে তা নিরসন করা হয়েছে। এ সময় মাধবপুর মধ্যবাজার পুকুরের চারপাশের ৫০টি গৃহস্থালি, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে মশার উৎসস্থল ধ্বংস করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ডেঙ্গুর বিস্তার রোধে এটি নিয়মিত কার্যক্রমের অংশ। জনসচেতনতা বৃদ্ধি এবং মশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মাধবপুর উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
