মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ
হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলেন মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. অলিউল্লাহ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাধবপুরের হোটেল হাইওয়ে ইন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে উপস্থিত সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, ‘হাজী অলিউল্লাহ বিএনপির একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি অত্যন্ত সৎ, কর্মঠ ও ধৈর্যশীল মানুষ ছিলেন। দলমত নির্বিশেষে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন।’
তিনি আরও বলেন, ‘হাজী অলিউল্লাহর মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে হাজী অলিউল্লাহ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাফন শেষে মরহুমের পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
