মাধবপুরে বিএনপির নেতা অলি উল্লাহর ইন্তেকালে এমপি ফয়সলের শোক
মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. অলি উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
এক শোকবার্তায় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ আমাদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অনেক স্মৃতি রয়েছে। তাঁকে হারিয়ে আমি একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারালাম।
তিনি আরও বলেন, হাজী অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারালেন।
শোকবার্তায় সংসদ সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এদিকে, হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছেন।
