গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীদের মনোবল হারানো উচিত নয়: শিশির মনির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘গ্রামের কাদামাটি মাড়িয়ে বড় হওয়া শিক্ষার্থীদের কোনোভাবেই মনোবল হারানো উচিত নয়। প্রতিকূল পরিবেশকে বাধা হিসেবে না দেখে পরিশ্রম ও সাধনা করলে গ্রামের শিক্ষার্থীরাও জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম। শহরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের চেয়ে গ্রামের শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রম করার ক্ষমতা অনেক ক্ষেত্রে বেশি।’
শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিরাই উপজেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশির মনির বলেন, ‘অজপাড়া গাঁয়ের ধানের গন্ধ মেখে বেড়ে ওঠা একজন শিক্ষার্থীর সামনে শহরের সুযোগ-সুবিধা ভোগ করা শিক্ষার্থীদের হার মানতে হবে। তোমরা দরিদ্র ঘরে বা প্রত্যন্ত অঞ্চলে জন্মেছ বলে কখনো হীনম্মন্যতায় ভুগবে না। নিজের পরিশ্রম ও সাধনার মাধ্যমে এমন জায়গায় পৌঁছাতে হবে, যেন তোমাদের সাফল্যে শহরের শিক্ষার্থীরা নিজেদের স্থান ধরে রাখতে বাধ্য হয়।’
তিনি আরও বলেন, ‘স্মার্টফোনের ক্ষতিকর আসক্তি থেকে বেরিয়ে এসে জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। মোবাইল ফোনের ব্যবহার বা সাময়িক বিনোদন এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু অর্জিত জ্ঞানই তোমাদের আজীবন সঙ্গী হবে এবং সমাজে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে সাহায্য করবে।’
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে সাকিব আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে দিরাই ও শাল্লা উপজেলার শতাধিক কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
