হাতিয়ায় এক শাপলা পাতা মাছ বিক্রি হলো ৮২ হাজার টাকায়
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭ মণ ওজনের একটি বিশাল শাপলা পাতা মাছ। পরে মাছটি ৮২ হাজার টাকায় কিনে নিয়েছেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিষু বেপারী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের গাজী মেম্বারের মাছের আড়তে মাছটি বিক্রি করা হয়।
চেয়ারম্যান ঘাটের আড়তদার আকবর হোসেন জানান, মঙ্গলবার হাতিয়ার ভাসানচরের কাছাকাছি মেঘনা নদীতে জেলেদের চরঘেরা জালে মাছটি ধরা পড়ে। গাজী মেম্বারের মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা নদীতে ওই জাল বসিয়েছিলেন। পরে বুধবার দুপুরে মাছটি বিক্রির জন্য চেয়ারম্যান ঘাটের আড়তে আনা হয়। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী বিষু বেপারী ৮২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
বিষু বেপারী জানান, মাছটি তিনি রাজধানী ঢাকা অথবা চট্টগ্রামে নিয়ে বিক্রি করবেন। এ বিষয়ে সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা ও হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, চরঘেরা জাল নদীতে চারপাশে শক্ত খুঁটির সঙ্গে বেঁধে বসানো হয়। নদীতে পানি কমে গেলে বিভিন্ন মাছ ওই জালে আটকা পড়ে। এ ধরনের জাল সরকার নিষিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, শাপলা পাতা মাছ ধরা মৎস্য আইনে নিষিদ্ধ নয়। তবে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী শাপলা পাতা বা পাতা মাছ শিকার নিষিদ্ধ। চেয়ারম্যান ঘাটে শাপলা পাতা মাছটি বিক্রি হওয়ার বিষয়টি তার জানা নেই বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।

