বানিয়াচংয়ে নারীর গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামে এক নারীর গোসলের ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গ্রামের এক নারীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণের ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই বিরোধ দেশীয় অস্ত্রে সজ্জিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করি। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান ওসি। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

