দিরাইয়ে পুলিশি অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি সনি গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সনি দিরাই পৌর শহরের আয়লাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে। তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের আখড়া পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌর শহরের আখড়া পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় কুখ্যাত মাদক কারবারি সনিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন সনিকে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহানুর রহমান সনি এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
