দিরাইয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি চলন্ত গাড়ি থেকে দুই ব্যক্তি লাফিয়ে হাওরের দিকে পালানোর চেষ্টা করে। পরে ‘বৃহত্তর শ্যামারচর মাদক নির্মূল ঐক্য পরিষদ’-এর সদস্যদের সহযোগিতায় ধাওয়া করে হাওর থেকে শিশ আহমদকে আটক করা হয়। তবে তার সহযোগী রন দাশ (৪২) পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত শিশ আহমদের দেহ তল্লাশি করে সাতটি জিপারে রাখা মোট ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা।
গ্রেপ্তারকৃত শিশ আহমদ সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে। পলাতক রন দাশ দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৃত রাখাল দাশের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
