জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সিলেটের জৈন্তাপুরে ‘জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
প্রধান অতিথির বক্তব্যে সুনন্দা রায় বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি আলোকিত, মানবিক ও উন্নত সমাজ গঠনের প্রধান হাতিয়ার। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল। এছাড়াও নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের পরিবার, শিক্ষক এবং সমগ্র জৈন্তাপুরবাসীর জন্য গৌরবের। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং তা ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি ফয়েজ আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার এবং অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম, সুবীর চক্রবর্তী, মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, মাওলানা আব্দুস সালাম, বিলালুর রহমান, সাংবাদিক মুক্তাদির আল সেলিমসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর হাতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে দেশ সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
