জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। বিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, দেশের অর্থনীতি ও মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। জৈন্তাপুরের বিশাল জলাশয় ও হাওরগুলোকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। এজন্য মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এবারের জাতীয় মৎস্য পক্ষে জৈন্তাপুর উপজেলার ‘শ্রেষ্ঠ মৎস্যচাষী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুকুর।
অনুষ্ঠানে সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, মৎস্যচাষী শফিকুল ইসলাম, মৎস্যজীবী নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষের এই কর্মসূচি আগামী ১৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
