দিরাইয়ে ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ২টার দিকে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) ও শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একাধিক মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি ফুল মিয়া ও আক্তার হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি নীল রঙের প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে দিরাইয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।
