দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ টাকার বাজেট ঘোষণা
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক জনাকীর্ণ বাজেট অধিবেশনে এ বাজেট পেশ করেন দিরাই পৌরসভার প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে, উন্নয়ন খাতে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেটে সার্বিক উদ্বৃত্ত রাখা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা।
প্রস্তাবিত এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামোগত উন্নয়নে। এ খাতে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছি।
বাজেট-পরবর্তী আলোচনা সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তারা বিশেষ করে শহরের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার দাবি জানান। বক্তারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেটের সঠিক বাস্তবায়ন হলে দিরাই পৌরসভা একটি মডেল পৌরসভায় রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: মোশাহিদ আহমদ
