জৈন্তাপুরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সম্ভাব্য ঘূর্ণিঝড়, বন্যা, পাহাড় ধস ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস এবং একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। এছাড়াও বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই জানমাল রক্ষার প্রধান উপায়। বিশেষ করে জৈন্তাপুরের ভৌগোলিক অবস্থান বিবেচনায় এটি পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি অনেক বেশি। এই ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় দুর্যোগকালীন গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, নৌকা ও উদ্ধার সরঞ্জাম মজুত রাখা, পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
