দিরাইয়ে ৬৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে সরকারের বিশেষ উদ্যোগে স্কুল ইউনিফর্ম, জুতাসহ উন্নতমানের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ তুলে দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
এ সময় ইউএনও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
