জৈন্তাপুরে চোরাচালান ও মাদক নির্মূলে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা
জৈন্তাপুর সীমান্তে পুশইন, চোরাচালান, মানব পাচার রোধ এবং মাদক নির্মূলের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ পরিদর্শক চান মিয়া এবং জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সেকান্দর আলী।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।
এছাড়া সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল উদ্দিন, হারুনুর রশিদ সরকার, শওকত আলী, আলহাজ্ব বশির আহমদ, ফখরুল ইসলাম এবং গ্রাম পুলিশ উমর আলী, গোপেশ চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জৈন্তাপুর উপজেলায় মাদক ও চোরাচালান দিন দিন প্রকট আকার ধারণ করছে। এর ফলে একদিকে যেমন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, অন্যদিকে মরণনেশা মাদকের ছোবলে ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় যুবসমাজ।
মাদকের এই ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে এবং একটি সুন্দর ও মাদকমুক্ত জৈন্তাপুর উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
