বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ক্রেতার ঘুষিতে আলী হোসেন (৩৭) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরাই বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি বিবিরাই বাজারে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে এবং পেশায় একজন পাওয়ার ট্রিলার চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান শনিবার রাতে আলী হোসেনের দোকানে ডিজেল কিনতে যান। ডিজেল দেওয়ার সময় ব্যবসায়ী আলী হোসেন তার কাছে পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিনুর উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে সজোরে ঘুষি মারেন।
এতে আলী হোসেনের নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত সিএনজিচালিত অটোরিকশা যোগে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিনুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
