মাধবপুরে ডাকাতি মামলার আসামিদের হুমকি: নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
হবিগঞ্জের মাধবপুরে একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। জীবনের নিরাপত্তা ও আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার (৭ জুন) দুপুর আড়াইটায় মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মো. নানু মিয়া বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের সেন্টু মিয়া, রকিব মিয়া, ফারুক মিয়া, মিয়া হোসেন ও দিলু মিয়াসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এমনকি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করায় ভুক্তভোগীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিদের অব্যাহত হুমকির বিষয়ে তারা শঙ্কিত এবং চরম উদ্বেগ-আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না বলে তারা দাবি করেন। এমতাবস্থায় নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে তারা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা আসামিদের আস্ফালন বন্ধে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

