জৈন্তাপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ভূমি বিষয়ক সেবাগ্রহীতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থিত সেবা কেন্দ্রে ৩ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপার হেলাল আহমদ এবং জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল। এছাড়া স্থানীয় সংবাদকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, সরকারি অফিসে সহজে ও হয়রানিমুক্ত ভাবে সেবা পাওয়া মানুষের নাগরিক অধিকার। বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের প্রত্যেকেরই কম-বেশি ধারণা থাকা উচিত। তিনি প্রাতিষ্ঠানিক সিলেবাসের পাশাপাশি শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা দিতে শিক্ষক সমাজের প্রতি বিশেষ আহ্বান জানান।
আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা প্রাঙ্গণ থেকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।
