আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মাধবপুর বিএনপির
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংসদ সদস্য এস এম ফয়সলের বিরুদ্ধে অশালীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন আত তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। প্রায় ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের এই ব্যবধানই প্রমাণ করে এটি জনগণের সরাসরি রায়।
নির্বাচন চলাকালীন বা ফলাফল পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকলেও, গেজেট প্রকাশের পর একটি মহল পরিকল্পিতভাবে এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা সংসদ সদস্যের রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে বলেন, এস এম ফয়সল একটি স্বনামধন্য রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম সৈয়দ সঈদ উদ্দিন এমএলএ ছিলেন, বড় ভাই মরহুম সৈয়দ মোহাম্মদ কাউসার সাবেক হুইপ ও কৃষি প্রতিমন্ত্রী এবং ছোট ভাই সৈয়দ মোহাম্মদ শাহজাহান চারবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপপ্রচারের মাধ্যমে জনগণের রায়কে বিতর্কিত করা এবং এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যারা এই অপপ্রচারে লিপ্ত, তাদের বিরুদ্ধে অচিরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। একই সাথে তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানান।
সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় কুচক্রী মহলের বিরুদ্ধে আইনিভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

