ভোট দিয়েছেন মোঃ জয়নাল আবেদীন
সিলেট - ৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সিলেট-৪ আসনের প্রার্থী মোঃ জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যারয়য়ে সকাল সাড়ে ৭টায় তিনি ভোট দেন।
ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো আজ। আমরা আজ অত্যন্ত আনন্দিত।
জয়নাল আবেদীন আরো বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আমি আশা করি, ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি বা উসকানির মুখে না পড়ে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। তিনি প্রত্যাশা করেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের জনমতের প্রতিফলন ঘটাতে সহায়তা করবে।
