ফ্যাসিস্টদের চিরতরে কবর দিতে ‘হ্যাঁ’ ভোট দিন: বিভাগীয় কমিশনার
দেশে স্বৈরতন্ত্রের অবসান এবং ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, বিগত দিনে ‘দিনের ভোট রাতে’ হওয়ার মতো কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। সংসদে হয়েছে গান-বাজনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং ফ্যাসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণায় ‘ভোটের গাড়ি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, দেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং গণতন্ত্রের সুবাতাস ফিরিয়ে আনতে সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনা পেছনে ফেলে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে জনগণের সচেতনতা প্রয়োজন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ খান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটের গাড়ি উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি দীর্ঘদিন বন্ধ থাকা এবং সংস্কারকৃত মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরি পুনর্উদ্বোধন করেন। লাইব্রেরিটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

