সিলেটে বঙ্গবীর অগ্রগামীর রানের পাহাড়, ২৭৯ রানের বিশাল জয়
সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও পেনহিল লজিস্টিকসের পৃষ্ঠপোষকতায় ‘১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬’-এ দাপুটে জয় অব্যাহত রেখেছে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ষষ্ঠ ম্যাচে ইয়ংপেগাসাস ক্লাবকে ২৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এটি বঙ্গবীর অগ্রগামীর টানা দ্বিতীয় জয়, অন্যদিকে ইয়ংপেগাসাস টানা দ্বিতীয় হারের মুখ দেখল।
এদিন সকালে ঘনকুয়াশার কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলা কমিয়ে ৪৩ ওভারে আনা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বঙ্গবীর অগ্রগামী। ওপেনার নবাবের অনবদ্য সেঞ্চুরি এবং অভিজ্ঞ অলক কাপালির ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়ে তোলে দলটি। নবাব ৯৩ বলে ১০৪ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি চার ও ৫টি ছক্কার মার।
অন্যদের মধ্যে জাতীয় দলের সাবেক তারকা অলক কাপালি মাত্র ৩৪ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫৮ রান করেন। এছাড়া মাহি ও তান্নু উভয়েই ৪৫ রান করে দলের বিশাল সংগ্রহে অবদান রাখেন। ইয়ংপেগাসাসের বোলার সিনকু সেঞ্চুরিয়ান নবাবকে আউট করতে সক্ষম হন। অতিরিক্ত খাত থেকে বঙ্গবীরের স্কোরবোর্ডে যোগ হয় ৪১ রান।
৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইয়ংপেগাসাস। মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। বঙ্গবীর অগ্রগামীর বোলার তাজিনের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইয়ংপেগাসাসের ব্যাটসম্যানরা। তাজিন মাত্র ৩ ওভার বল করে ২টি মেডেনসহ ১ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। বিশেষ করে নিজের শেষ ৪ বলে ৪ উইকেট নিয়ে হ্যাটট্রিকসহ বিরল কীর্তি গড়েন তিনি।
ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও ভেলকি দেখান অলক কাপালি। তিনি ৫ ওভারে ২ মেডেনসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ইয়ংপেগাসাসের পক্ষে তানিম সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন এবং জাফরুল করেন ১০ রান। শেষ পর্যন্ত ২৬ ওভারে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় ইয়ংপেগাসাসের ইনিংস।
ম্যাচজয়ী সেঞ্চুরি করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন বঙ্গবীর অগ্রগামীর ওপেনার নবাব। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার রবিন চৌধুরী ও জুবেদ খান। স্কোরারের দায়িত্বে ছিলেন তাসলিমুল ইসলাম ও আহমেদ ওমর ফারুক শিপন।
