CLEAS যেখানে আন্তরিকতার সাথে শেখানো হয় 'ফরাসী ভাষা'
ফ্রান্সে আসার পর অভিবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষার বিড়ম্বনায়। কারণ নতুন জায়গা, নতুন ভাষা। যার কারণে অভিবাসীরা ভাষা শিক্ষা নিয়ে থাকেন অনেক চিন্তিত। কিন্তু এব্যাপারে দারুণ সচেতন ও উদ্যােগী ফ্রান্স সরকার। ফ্রান্সে আশ্রয় নেয়া সকল অভিবাসীদের জন্য রয়েছে ভাষা শিক্ষার প্রতিষ্ঠান।
ফ্রান্সের ছোট বড় প্রতিটি শহরে স্থানীয় সরকারী প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগীতায় পরিচালিত হয় এসকল শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন নামের এসকল শিক্ষা প্রতিষ্ঠানে ফরাসী ভাষার পাঠদান করিয়ে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসরবৃন্দ। এরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম Cleas। ফ্রান্সের রেন শহরের অদূরে ছোট্ট একটি শহর ওখে-তে অবস্থিত।
এখানে ফরাসী ভাষা শিক্ষার একদম প্রাথমিক লেভেল A1.1 থেকে শুরু করে সর্বোচ্চ B2 পর্যন্ত শেখানো হয়। সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও বুধবার এই ৪দিন পাঠদান করানো হয়। প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষক বিভিন্ন দেশের প্রায় ৭০জন শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করিয়ে থাকেন। শিক্ষার্থীরা ভাষা শিখে গেলে তাদেরকে দেয়া হয় সার্টিফিকেটও। যা ফ্রান্সে জাতীয়তা অর্জনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

Cleas এর শিক্ষার্থী বাংলাদেশী নাগরিক মোহাম্মদ মন মিয়া বলেন, আমি ফ্রান্সে এসে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। নতুন জায়গা এরমাঝে ভিন্ন ভাষা। কিন্তু আমি Cleas এ যাওয়ার পর থেকে আমার কাছে ফরাসী ভাষা তেমন কঠিন মনে হচ্ছে না। এখন আমি ফরাসী ভাষায় কথা বলতে পারি।
ব্রাজিলিয়ান অভিবাসী বারবারা বলেন, ফ্রান্সে আসার পর আমার কাছে ভাষা একটু জটিল মনে হয়েছিলো। তবে আমি নিয়মিত ক্লাসে যাওয়ায় এখন একদম সহজ মনে হচ্ছে এবং আমি দ্রুত শিখতে পারছি।
Cleas এর আরো দুই শিক্ষার্থী আলজেরিয়ান নাগরিক মোহাম্মদ ও আফগানিস্তানের নাগরিক জাবিউল্লাহ বলেন, ফ্রান্সে আসার পর এখানকার ভাষা শিক্ষার কোন বিকল্প নেই। কেউ ভাষা না জানলে সে প্রতিটি জায়গায় হোঁচট খাবে। তারা বলেন, আমরা ওখে শহরে আসার পর থেকে নিয়মিত ক্লাসে আসি।
এখানকার শিক্ষকরা অত্যন্ত ভালো। খুবই আন্তরিক ও বন্ধুভাবাপন্ন। তারা আমাদেরকে এমনভাবে বুঝিয়ে বলেন, যাতে আমরা খুব সহজভাবে বুঝতে ও শিখতে পারি।
ফ্রান্সে আশ্রয় নেয়া অভিবাসীদের নিজের দেশের ভাষা, ইতিহাস ও সংস্কৃতি শেখাতে পারায় আনন্দিত Cleas এর শিক্ষকরাও। এবিষয়ে প্রফেসর ডামিয়েন জানান, বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদেরকে আমাদের দেশের ভাষা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে শেখাতে পারছি বলে আমরাও আনন্দিত।
তিনি জানান, নতুন কোন দেশে আসার পর এখানকার ভাষা ও পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে নিতে একটু সময় লাগবে এটা স্বাভাবিক। তবে আমরা চাই ভিন দেশ থেকে আসা ব্যক্তিরা আমাদের দেশ সম্পর্কে জানুক, শিখুক।
এজন্য আমরা আন্তরিকতার সহিত খুবই সহজভাবে তাদেরকে শিখানোর চেষ্টা করি। প্রথম প্রথম তাদেরও বুঝতে অসুবিধা হয় কিন্তু কয়েকদিন যাওয়ার পর তারা সহজেই বুঝতে পারে, শিখতে পারে এবং বলতে পারে।
ডামিয়েন আরো জানান, আমরা ৩০জন শিক্ষক ৭০জন শিক্ষার্থীকে সপ্তাহে ৪দিন করে পাঠদান করিয়ে থাকি। ফরাসী ভাষা শেখার লেভেল ৫টি। A1.1, A1, A2, B1, B2। লেভেল কমপ্লিট করলে আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি।
তাছাড়া আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, থিয়েটার এবং বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ে যাই। যাতে তারা লেখাপড়ার পাশাপাশি আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
