সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে বিরল। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে যে কোনো মূল্যে অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান চৌধুরী আরও বলেন, বিএনপির রাজনীতিতে কিংবা সংবিধানে ‘সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই; এ দেশের সবাই সমঅধিকারসম্পন্ন নাগরিক। অতীতে বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই সব ধর্মের মানুষ সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে উৎসব পালন করতে পেরেছেন। হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
পরিদর্শনকালে তিনি গোলাপগঞ্জ পৌর এলাকার ছিটা ফুলবাড়ীস্থ দুর্গা মন্দির, ঢাকাদক্ষিণ মহাপ্রভুর বাড়ি সর্বজনীন পূজামণ্ডপ, ঢাকাদক্ষিণ চৌধুরী বাড়ি পূজামণ্ডপ এবং লক্ষ্মীপাশার ঘোষগাঁও ফুটন্ত গোলাপ যুব সংঘের মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজ খান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি এদিন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের ‘ঘোষগাঁও-বাউসী সড়ক’ পুনর্বাসন ও সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

