মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রের মহড়া, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সলিমুল্লাহ খেলার মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আকাশ (১৮), মো. বাদশা (১৮) ও মো. ফরহাদ (১৭)। এ সময় আরও ১৫ থেকে ১৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে খেলার মাঠে মহড়া দিচ্ছিল। এতে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকাশের প্যান্টের কোমর থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সামুরাই এবং বাদশার কাছ থেকে লাল কসটেপে মোড়ানো ১৩ ইঞ্চি লম্বা একটি লোহার ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

