বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর আইসিইউতে মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত ঈশা দাশ (১২) নামে এক স্কুলছাত্রী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ঈশা দাশ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ছদাহা ইউনিয়নের দাশপাড়া এলাকার সুনীল দাশের মেয়ে।
সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার দুপুরে টিফিনের ছুটিতে বাড়ি যাওয়ার সময় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশ জানান, দুর্ঘটনার পর ঈশাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডে নেয়া হয়েছিল। সেখানে আইসিইউ খালি না থাকায় পরে তাকে রয়েল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে।

