জৈন্তাপুর সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় থেকে জামিল আহমেদ শিষ (২৫) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিজিবির সীমান্ত টাওয়ার থেকে তার নিথর দেহটি উদ্ধার করা হয়।
নিহত জামিল আহমেদ শিষ (সিপাহী নম্বর-১১৪১০১) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত (২২ আগস্ট) শনিবার থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো জামিল আহমেদ শিষ। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি জেনে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সহকারী কমিশনার (ভুমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় আমরা তাঁর মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
