নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ
সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাফরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রায়হান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত এরশেদ শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে নবীজির আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। তিনি নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্বারোপ করে অভিভাবকদের নিজ সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. রুহুল আমীন, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, খরাদি পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এমদাদ হোসেন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখলিছুর রহমান এবং পিটিআই সিলেটের অফিস সহকারী মোহাম্মদ আলী কবির।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বি রুমায়ুন সিদ্দিকী, সোলেমান চৌধুরী, হেলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন, শিবগঞ্জস্থ তনু-শিবু-ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদের সভাপতি খালেদ আহমদ এবং বিদ্যালয়ের দাতা সদস্য বিশ্বজিৎ দেব রায় বিশুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও ধর্মীয় চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
খরাদি পাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজওয়ানুল কারীম দোয়া মাহফিল পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সবশেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

