জৈন্তাপুরে দুঃস্থদের মাঝে মাহফুজা হান্নান এমপির ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল ৪টায় জৈন্তাপুরের দরবস্ত জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপিকা মাহফুজা হান্নান। তাঁর হাত থেকে দুই উপজেলার দুঃস্থ ও গরিব পরিবারের সদস্যরা নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা হান্নান এমপি বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই অর্থ জনসাধারণের হক। সরকার থেকে প্রাপ্ত কোনো অর্থ বা অনুদান খিয়ানত করা হবে না। প্রতিটি টাকা সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা মহিলা জামায়াতের সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপহার গ্রহণকারী দুঃস্থ পরিবারগুলো ঈদের আগে এই আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
