সিলেটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
সিলেটে যথাযোগ্য মর্যাদায় ১৯তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ পালিত হয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ (১৩ এপ্রিল) সকালে সিলেট আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি সালেহা বেগম-এর সভাপতিত্বে এবং রেফা বেগম-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন সংস্থার সাধারণ সম্পাদক মোছাম্মদ রাবেয়া বেগম। র্যালিটি সিলেট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থার বাগবাড়ি কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শুধু অটিজম নয়, বরং বিশেষভাবে সক্ষম সকল ব্যক্তির জন্য বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে। দেশের বিভিন্ন জেলায় শারীরিক, শ্রবণ, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হচ্ছে। এটি একটি সমন্বিত পরিকল্পনা, যার লক্ষ্য হলো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
সভায় সরকারি তথ্যের বরাত দিয়ে জানানো হয়, বর্তমানে দেশে ১৪টি ‘অটিজম ও ইনডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেন্টার’ সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। এই কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ১৯৬ জন ব্যক্তি সেবা গ্রহণ করেছেন এবং মোট ১২ লাখ ৩৯ হাজার ৮২০টি সেবা প্রদানের রেকর্ড রয়েছে। কেন্দ্রগুলোতে বিশেষ শিক্ষা, ফিজিওথেরাপি, পেশাগত প্রশিক্ষণ, পুনর্বাসন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ রয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, ঢাকার প্রধান কেন্দ্রগুলোতে শিশু ও যুবকদের জন্য অকুপেশনাল থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, সোশ্যাল কোঅর্ডিনেশন এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সরকারের এই উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শিশুরা পেশাগত দক্ষতা অর্জন করে দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে।
সভায় বক্তারা আহ্বান জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কেবল শিক্ষিত নয়, বরং সক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও তাদের পাশে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য লিপি বেগম, ফাহমিদা আক্তার, রুলি বেগম, সানজিদা আক্তার, সুমা আক্তার, রায়না বেগম, হোসনা বেগম, জেসমিন বেগম, রুমা বেগম এবং রেফা বেগম প্রমুখ। বক্তারা অটিজম আক্রান্তদের মূলধারার সমাজে প্রতিষ্ঠিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
