হেমু ভাটপাড়া ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব
“একটি গাছ, একটি প্রাণ; রক্ষা করব পরিবেশের মান” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী হেমু ভাটপাড়া এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পরিচালিত হয়। যুবকরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এলাকার প্রধান রাস্তার দুপাশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। রোপণ করা বৃক্ষের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, বকুল, আমলকি, পলাশ, জারুল, মেহগনি, নিম, অর্জুন গাছসহ বিভিন্ন ঔষধি এবং পরিবেশবান্ধব ১০০ টি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির আয়োজক হাসানুর রশিদ জানান, আমরা সবাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই, এটা আমাদের সবারই অনুভুতি এবং একান্ত চাওয়া। এই চাওয়াকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আমাদের একান্ত সদিচ্ছা। এই পরিবেশকে সুন্দর রাখতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বৃক্ষ। তাই আমরা শুধু চারা রোপণ করেই আমাদের দায়িত্ব শেষ করছি না। প্রতিটি চারার সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে বেড়া দিয়ে গাছগুলো সুরক্ষার বিষয়টি তদারকি করব। বৃক্ষ নিধন রোধ এবং সবুজ বনাঞ্চল সৃষ্টি করে জীববৈচিত্র্য রক্ষা করতেই আমাদের পাশে দাঁড়িয়েছেন এলাকার প্রবাসী ভাইয়েরাও।
স্থানীয় নাগরিকরা যুবসমাজের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, তরুণদের এমন সচেতনতা শুধু এলাকার সৌন্দর্যই বাড়াবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
