গোলাপগঞ্জে কুড়া নদী জলমহালে মাছ চুরি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে বৈধভাবে লিজকৃত কুড়া নদী জলমহালে ‘জলদস্যু’ নামধারী দুর্বৃত্তদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। জোরপূর্বক মাছ চুরি, জাল পুড়িয়ে দেওয়া, নৌকা লুট এবং লিজ গ্রহীতাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এসব অপকর্মের প্রতিবাদ ও প্রতিকার দাবিতে মানববন্ধন করেছে ভাদেশ্বরবাসী।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাদেশ্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য সৈয়দ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়ম মেনে জলমহাল লিজ নেওয়া হলেও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র বা ‘জলদস্যুরা’ সেখানে অবৈধভাবে প্রবেশ করে মাছ লুট করছে। তারা রাতের আঁধারে জাল পুড়িয়ে দিচ্ছে এবং নৌকা চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে লিজ গ্রহীতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে এই নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউপির ৬নং ওয়ার্ডের বর্তমান সদস্য সাহাব উদ্দিন সাবু, এরশাদ আলী, আব্দুল হামিদ, হোসাইন আহমদ ও জাবেল আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইছরাক আলী, আব্দুল বারী বদই, হাজী আব্দুস সত্তার, আব্দুল সালিক ছল্লুক, ফটিক আহমদ, মাহবুব হোসেন মালম, কবির আলী, আওলাদ হোসেন, জমসেদ আলী, সুলতান মাহমুদ ও আর্জদ আলী প্রমুখ।

