জৈন্তাপুরে সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন
জৈন্তাপুরে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে স্থানীয় সার ডিলাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে জৈন্তাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলার খুচরা সার ব্যবসায়ী অংশ নেয়। পরে ব্যবসায়ীরা তাদের দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টি.ও লাইসেন্স দেওয়া হয়। এতে গ্রামের কৃষকরা দ্রুতই সার সুবিধা পেতেন। বিগত সরকার কৃষকদের সুবিধার্থে এ নিয়ম চালু করেন। এতে করে একচেটিয়া সার ব্যবসায়ীদের সুবিধা বন্ধ হয়ে কৃষকরা লাভবান হতো। কিন্তু ২০২৫ সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে। পাশাপাশি ২০২৬ সালের মার্চ মাসে এ সুবিধা স্থগিতের নির্দেশনা জারি হয়েছে। এই নির্দেশনার ফলে কৃষকদের পাশাপাশি খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ২০০৯ সালের এ নীতিমালা বহাল রাখার দাবিতে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।
বক্তারা আরও জানান, খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষি উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন, যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার-বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপনে পড়তে পারে। এই পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান হয়েছে।
জৈন্তাপুর খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান ও হাবিবুর রহমান প্রমুখ।
