সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা থাকবে না: জেলা প্রশাসক
সিলেট, ১১ নভেম্বর: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর মনোভাব ব্যক্ত করেন।
ডিসি সারওয়ার আলম বলেন, অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয় সেদিকে নজর দিতে হবে। অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।
তিনি সিলেটকে একটি সুন্দর শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তোলার প্রত্যয় জানান। তিনি বলেন, আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য আমরাই উপভোগ করব, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিসি সারওয়ার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একবারেই কম, মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায়।
এর আগে, এদিন দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে যান। তার এই পরিদর্শনের খবরে সকাল থেকেই পৌরশহরে এক ভিন্ন চিত্র দেখা যায়। নিত্যদিনের যানজটের বদলে শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা ও পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রতিটি মোড়ে মোড়ে আনসার ও গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়, যা ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘণ্টার এই সফর উপজেলা প্রশাসনকে অনেকটাই সজাগ করে তোলে।

