গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার (০৮ অক্টোবর) উপজেলার পৌর শহরের চৌমূহনীতে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, পৌর শহরের চৌমূহণী এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে তিস্তা লাইভ বেকারীকে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮' অনুযায়ী ৫ হাজার টাকাও ফুলবাড়ি ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ এবং গুণগতমান সনদ ছাড়া অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে 'বিএসটিআই আইন ২০১৮' অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য এসব প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
এ সময় অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বিএসটিআই এর সিলেট বিভাগীয় কার্যালয়ের, একটি টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

